ডিপিএলে নাসিরের গড় ৪২১! জাতীয় দল থেকে বাদ পড়া নাসির হোসেন ব্যাটে-বলে ভেলকি দেখিয়েই যাচ্ছেন। ব্যাটে চলছে যেন রানের ফোয়ারা। ত্রিদেশীয় সিরিজ খেলতে টাইগারদের সাথে ছিলেন আয়ারল্যান্ডে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় গত সপ্তাহে দেশে ফিরেছেন নাসির। এদিকে ডিপিএলে আজ (বুধবার) প্রাইম ব্যাংকের বিপক্ষে বল হাতে দুই উইকেট নেবার পর ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করে ম্যাচ জিতিয়েছেন এই অলরাউন্ডার। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংকের ম্যাচটি আসলে শুরু হয়েছিল গতকাল (মঙ্গলবার)। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ সমাপ্ত হয় নি। ম্যাচের বাকি অংশ আজ অনুষ্ঠিত হয়। নাসির হোসেনের দুই উইকেটের পাশাপাশি আবু হায়দার রনি’র তিন উইকেট ও সোহরাওয়ার্দি শুভ’র দুই উইকেটের সুবাদে ৩৮.৪ ওভারেই ১৭৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে নাসির হোসেনের ৬৪ বলে অপরাজিত ৬১ রানের কল্যাণে ৫ উইকেটের সহজ জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। নাসিরের পাশাপাশি এনামুল হক বিজয় করেছেন ৪৫ রান। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা নাসির হোসেন হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। এর আগের ম্যাচেও শেখ জামালের বিপক্ষে শতক হাঁকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন নাসির। সেই ম্যাচে ১১৩ বলে ১৩৪ রান করার পর গরমের কারণে মাঠ ছাড়েন নাসির। এই পর্যন্ত ডিপিএলে ৬ ম্যাচে ৪২১ রান করেছেন নাসির। গড় অবিশ্বাস্য, ৪২১! কেননা ৬ ইনিংসের ৫ টিতেই নট আউট ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

A post shared by Ashaduzzaman Ripon (@ashad_bd) on